সিরাজগঞ্জে লাখো কণ্ঠে শপথ, উপকারভোগীদের কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুর্শীদের নেতৃত্বে অংশগ্রহণকারীরা আট দফা শপথ পাঠ করেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ২০২৫-২৬ অর্থবছরের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ছয়জন সুবিধাভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, যিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে অফিসার্স ক্লাবে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বাউল শিল্পীরা লোকগান পরিবেশন করেন, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD