ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মানবিক সহায়তার অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত ইরানের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ইরানে পাঠানো হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের আহত ও ক্ষতিগ্রস্ত জনগণের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। এই অর্থ দিয়ে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
সহায়তা হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

তিনি আরও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
এ সময় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই সহমর্মিতাপূর্ণ উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ জানান এবং বলেন, এই সহায়তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, এই সংকটময় সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সমর্থন ও সহানুভূতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD