সংকটে বাসভাড়া বৃদ্ধি: প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষাপটে দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ার হিসাবে এখন থেকে যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস মালিক সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এর প্রভাব পরিবহন খাতেও পড়েছে। ফলে বাস মালিকদের দাবি ও বাস্তবতা বিবেচনা করে সরকার ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যাত্রী অধিকার সংশ্লিষ্ট সংগঠনগুলো ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ভাড়া বৃদ্ধির পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা, সেবার মান ও ভাড়া আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
সরকার বলছে, নতুন ভাড়া কার্যকর করার পাশাপাশি যাত্রীদের স্বার্থ রক্ষায় নিয়মিত মনিটরিং জোরদার করা হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD