শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার শীর্ষ নেতাদের নিয়ে জরুরি সাংগঠনিক বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈঠকটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় (ডাকসু ক্যাফেটেরিয়া) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ছাত্রদলের নেতারা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান যেমন—ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ থেকেও নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার শীর্ষ পাঁচ নেতা (সুপার ফাইভ) এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।
সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন ক্যাম্পাসে দলের কার্যক্রম সমন্বয়ের বিষয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD