টানা তীব্র গরমের পর রাজধানী ঢাকায় বিকেল পৌনে পাঁচটার দিকে হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ জমে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। সময়টি সাধারণত প্রখর রোদের হলেও এদিন পরিস্থিতি যেন মুহূর্তেই পাল্টে গিয়ে মধ্যরাতের আবহ তৈরি হয়। এরপরই শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রপাতের তীব্র শব্দ এবং ভারী বৃষ্টি। আকস্মিক এ আবহাওয়ার পরিবর্তনে নগরজীবনে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়।
বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় বজ্রপাতের বিকট শব্দে রোগী, স্বজন ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অনেকেই এ বৃষ্টিকে তাপদাহ থেকে স্বস্তি হিসেবে দেখছেন। ঢামেক এলাকা থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালা দুলছে এবং বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ভিজে একাকার হয়ে গেছে। হঠাৎ বৃষ্টিতে পড়ে অনেকেই আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমাতে সহায়ক হবে। তবে বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উপস্থিত আমিনুল ইসলাম বলেন, “গরমকালে সাধারণত বিকেল পাঁচটার দিকে প্রচণ্ড রোদ থাকে, কিন্তু আজ আকাশ এতটাই কালো হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন মধ্যরাত নেমে এসেছে।”