ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হঠাৎ গুলির ঘটনায় চরম নিরাপত্তা আতঙ্ক সৃষ্টি হয়। ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানায়, অনুষ্ঠান চলাকালে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে। একই তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল। তিনি বলেন, “এটি একটি ‘লোন অ্যাক্টর’ বা একক হামলার ঘটনা বলে মনে হচ্ছে।”
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা। তার নাম কোল টমাস অ্যালেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছেন। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ঘটনার পর ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাসায় তল্লাশি চালানো হয়েছে। তিনি বলেন, “সে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। আমরা চাই না এ ধরনের ঘটনা আবার ঘটুক।”
তিনি আরও জানান, এ ঘটনা ফার্স্ট লেডির জন্য মানসিকভাবে কষ্টকর ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেন তিনি।
ঘটনার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান ক্যারল বলেন, এটি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নয়; বরং চেকপয়েন্টে সন্দেহভাজনকে শনাক্ত করাই বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছে। তিনি আরও জানান, হামলাকারী ওই হোটেলেরই একজন অতিথি হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার আদালতে সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। ওয়াশিংটনের মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো বলেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। তবে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় তিনি প্রাণে বেঁচে যান। ট্রাম্প জানিয়েছেন, ওই কর্মকর্তা বর্তমানে সুস্থ আছেন এবং তার মনোবল ভালো।
সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা