বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, সিরিজ গড়াবে ২০২৬ সালে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো—এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল। তবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পুরোপুরি বাতিল হয়নি। আপাতত সিরিজটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে।

শনিবার এক ইমেইল বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সূচি পরে জানানো হবে।

এর আগে, আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। দুই মাস আগে সূচিও চূড়ান্ত হয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না।

রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগ:

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ‘রাজনৈতিক কারণে’ ভারত সরকার ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনুমতি দিতে চায়নি। দিল্লির এক নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশ সংক্রান্ত ‘বিরূপ মনোভাবের’ কারণে এ সফর ইতিবাচক বার্তা বহন করবে না বলেই মনে করছে ভারত সরকার।

অন্যদিকে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, বাংলাদেশে সফরের সময় নিরাপত্তা ইস্যু নিয়েই বেশি উদ্বিগ্ন বিসিসিআই। তাই তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন, ভারত যদি আগস্টে সফর করতে না পারে, তবে ভবিষ্যতের ফাঁকা সূচিতে সিরিজটি আয়োজনের চেষ্টা করা হবে। শেষ পর্যন্ত সে পরিকল্পনাই বাস্তবায়িত হলো।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD