বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতি এখনও তার নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে, তাই তিনি এখনো আশাবাদী। “আমি খুব বেশি আগাম ভাবি না। প্রতিদিন পরিবারকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। খেলার সুযোগ পেলে সেটাই কাজে লাগাচ্ছি,” বলেন তিনি। জাতীয় দলে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন, বিষয়টি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নয়। তবে একটি সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি।
দেশে ফেরার সময় নিয়ে তিনি বলেন, “আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব কিছুর সমাধান হয়ে যাবে। আমাকে বাংলাদেশে ফিরতেই হবে—প্রশ্ন শুধু কখন। আমি বিশ্বাস করি, বছরের শেষ নাগাদ ফিরতে পারবো।” অবসর প্রসঙ্গে সাকিব জানান, তিনি শুধুমাত্র একটি বিদায়ী ম্যাচ খেলে ক্যারিয়ার শেষ করতে চান না। “আমি এখনও ফিট এবং বিশ্বাস করি, দলের জন্য অবদান রাখার মতো সামর্থ্য আমার আছে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, যতদিন নিজেকে কার্যকর মনে করবেন, ততদিন খেলতে চান। পুরোপুরি ফিট হতে তার প্রায় এক মাস সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন সাকিব। তবে ঘরের মাঠে আবার খেলার ইচ্ছা তার সবসময়ই থাকবে।