ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর তার সুফল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে পেস বোলারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি দেখা গেছে।
সিরিজজুড়ে দারুণ পারফরম্যান্স করে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা মিলে মোট ১৮ উইকেট শিকার করেন। এর ফলেই ওয়ানডে বোলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তারা। শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম, মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে ৪১তম এবং সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও উন্নতির ধারা দেখা গেছে। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠেছেন।
অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ২২ রান ও দুই উইকেট নেওয়ার সুবাদে তিনি এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর হালনাগাদ র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয় ম্যাচসেরা পারফরম্যান্সে অর্ধশতক হাঁকিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠেছেন। তার সতীর্থ পারভেজ হোসেন ইমনও তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৪০তম স্থানে অবস্থান করছেন।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায়ও উন্নতি হয়েছে অফস্পিনার মেহেদী হাসানের। তিনি ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ১৮তম স্থানে উঠেছেন।