দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১,০৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১,০২৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৯,৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৫,২১৮ জনের হাম নিশ্চিত হয়েছে।
৩স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬,৯১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩,২২৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।