ফাইনালে কিউইদের উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি এবং মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৬৫ রান। জবাবে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

শুরুর ধাক্কা সামলাতে পারেনি বাংলাদেশ। দলীয় ৯ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান (০) ও তানজিদ হাসান (১)। পরে সৌম্য সরকারও ১৮ রানে আউট হলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়ে দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। এই জুটি ১৭৮ বলে যোগ করে ১৬০ রান। লিটন ৯১ বলে ৭৬ রান করে আউট হলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন শান্ত।
১১৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত শেষ পর্যন্ত ১১৯ বলে ১০৫ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। শেষদিকে তাওহীদ হৃদয় ২৯ বলে অপরাজিত ৩৩ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২২ রান যোগ করে দলের সংগ্রহকে লড়াকু পর্যায়ে নিয়ে যান। নিউজিল্যান্ডের হয়ে উইল ও’রোর্কে ৩টি উইকেট নেন। এছাড়া বেন লিস্টার ও জায়ডেন লিনক্স পান দুটি করে উইকেট।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনজুরি থেকে ফিরে চতুর্থ ওভারেই হেনরি নিকোলসকে আউট করেন মোস্তাফিজুর রহমান। এরপর নাহিদ রানা ফেরান উইল ইয়ংকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ওপেনার নিক কেলি ৫৯ রান করলেও তাকে থামান মোস্তাফিজ। পরে উইল ও’রোর্কেকে বোল্ড করে ওয়ানডেতে নিজের ষষ্ঠ পাঁচ উইকেট পূর্ণ করেন এই বাঁহাতি পেসার।
মাঝে মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামও উইকেটের দেখা পান।

শেষদিকে ডিন ফক্সক্রফ্ট কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ৭২ বলে ৭৫ রান করেন। তবে মিরাজের শিকার হয়ে ফিরলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৫টি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD