শিগগির’ পূর্ণাঙ্গ ভিসা চালু করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে আবারও স্বাভাবিক পথে ফিরতে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এর অংশ হিসেবে দুই দেশই ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করাই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই দূরত্ব আরও স্পষ্ট হয়। তবে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর উভয় দেশই সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় হয়েছে।

ভিসা সেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে আংশিক স্থগিত থাকা কার্যক্রম ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়। গত ২০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য ব্যবসায়িক, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক—বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে।

ভারতীয় সূত্রগুলো বলছে, নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা থাকলেও তা পুরোপুরি বন্ধ ছিল না। জরুরি চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা দেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় মিশনগুলো তাদের সক্ষমতার প্রায় ১৫ থেকে ২০ শতাংশ হারে ভিসা কার্যক্রম পরিচালনা করছে। নতুন হাই কমিশনার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগও বাড়ছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ভিসা স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পায়। এর আগে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় সফর করে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি সংযোগের মতো গুরুত্বপূর্ণ খাতে আরও মনোযোগ দিতে পারবে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট বিদেশি পর্যটকদের একটি বড় অংশই বাংলাদেশ থেকে যায়। ২০২৩ সালে প্রায় ২১ লাখের বেশি বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। তবে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বিশ্লেষকদের মতে, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়া শুধু মানুষে-মানুষে যোগাযোগই বাড়াবে না, বরং দুই দেশের সামগ্রিক সম্পর্ক পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন অপেক্ষা—কত দ্রুত এই উদ্যোগ বাস্তবে রূপ নেয় এবং দুই দেশের সম্পর্ক কতটা স্থিতিশীলভাবে এগিয়ে যায়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD