ইতিহাস গড়ে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ নারী হকি দল

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে ইতিহাসের নতুন অধ্যায় লিখল বাংলাদেশ নারী হকি দল। দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল দলটি।

এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মনোযোগী ছিল বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা; এক মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে উজবেকিস্তান। গোলটি করেন খুজায়েভা মাদিনাবোনু।

প্রথমার্ধের মাঝামাঝি আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ২৪তম মিনিটে কনা আক্তারের দারুণ ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়া ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। তবে ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে ব্যবধান কমায় উজবেকিস্তান। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান আইরিন আক্তার রিয়া।

দুই ম্যাচ শেষে পুল ‘এ’-তে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রথম ম্যাচের ড্র থেকে পাওয়া ১ পয়েন্টের সঙ্গে এই জয়ের ৩ পয়েন্ট যোগ হয়েছে।
পুল পর্বের শেষ ম্যাচে আগামী পরশু হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় বা ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। পাশাপাশি এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে অর্পিতা-আইরিনদের জন্য।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD