চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে বসে সমঝোতায় পৌঁছান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি; বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে মতবিনিময়ের কথা রয়েছে।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন যৌথভাবে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি মোটরশ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে বিরোধের সৃষ্টি হয়।
এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। পরে উভয় পক্ষ আলোচনায় বসে সমঝোতায় পৌঁছালে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা পর্যায়ের সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD