গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাসহ শাহবাগে হামলার পরিকল্পনা করতে পারে।

এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD