জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেলের প্রকৃত কোনো সংকট নেই; বরং অসাধু মহলের অনৈতিক ব্যবসার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় কোনো সংকট নেই। তিনি উল্লেখ করেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বজুড়ে পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহে তেমন সমস্যা তৈরি হয়নি।

তিনি আরও বলেন, “কিছু অসাধু চক্র অনৈতিক ব্যবসার মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে এবং কালোবাজারে বিক্রি করছে। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না।” জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু এবং মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD