বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর আমির এবং তার দল কখনোই সুস্থভাবে চিন্তা করতে পারে না। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। মহান মে দিবস সফল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে দেশে নতুন করে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। তারা ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার পেছনে একটি বিশেষ চক্র কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার বিশ্বাস করে শিক্ষার্থীরা সকল প্রকার অপরাজনীতি পরিহার করবে। এ সময় কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিব দৃঢ়ভাবে বলেন, এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে এবং দেশের মানুষই তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।