হাড়কাঁপানো শীতের মধ্যেই সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশা ও মেঘলা আকাশের কারণে শীতের অনুভূতি আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।
অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোনো কোনো এলাকায় কুয়াশার দাপট দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। চালক ও সংশ্লিষ্টদের এ সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে সূর্যের দেখা কম পাওয়ায় দিনভর শীতের আমেজ বজায় থাকবে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে বিদ্যমান স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে কিশোরগঞ্জের নিকলীতে। আজ সকালে সেখানে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাওরবেষ্টিত এই জনপদে হাড়কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এমএ