দক্ষিণ আফ্রিকা দলে চার নতুন মুখ, নেতৃত্বে ডুসেন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

জিম্বাবুয়ের হারারেতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এই সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে প্রোটিয়ারা। ঘোষিত দলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা চারজন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে দুজন এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।

তারা হলেন- দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, রবিন হারমান, সেনুরান মুথুসামি এবং কর্বিন বশ।

লুয়ান-ড্রি প্রিটোরিয়াস: ১৯ বছর বয়সী এই আগ্রাসী উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৩৮ টি-টোয়েন্টিতে ১৪৬.৪৮ স্ট্রাইক রেটে ১ হাজার ২১ রান করেছেন।

রবিন হারমান: আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান হারমান ৪৬ টি-টোয়েন্টি খেলে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ১৩১.৮৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১১৮ রান করেছেন।

সেনুরান মুথুসামি: টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি স্পিনার ৮৮ টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও তিনি ১১২.৭৭ স্ট্রাইক রেটে ৫ ফিফটিতে ১ হাজার ১৮৩ রান করেছেন।

কর্বিন বশ: একটি করে ওয়ানডে ও টেস্ট খেলা এই পেসার ৮৯ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৭৬ ইনিংসে বোলিং করে ৬০ উইকেট শিকার করেছেন।

‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম, ডেভিড মিলার, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কাগিসো রাবাদা এবং স্পিনার কেশভ মহারাজের মতো তারকা ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

মার্করামের অনুপস্থিতিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। এর আগেও তিনি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। অভিজ্ঞদের মধ্যে ডুসেন ছাড়া দলে রয়েছেন কেবল রিজা হেনড্রিকস ও লুঙ্গি এনগিডি।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার নান্দ্রে বার্গার ও জেরাল্ড কোয়েৎজি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কোয়েৎজি আট মাস এবং কুঁচকি ও পিঠের ইজুরির কারণে বার্গার ১১ মাস জাতীয় দলের বাইরে ছিলেন। তবে, গতিময় পেসার আনরিখ নরকিয়া আবারও পিঠের চোটে পড়ে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন।

এছাড়াও, প্রতিভাবান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস স্কোয়াডে ফিরেছেন। ২০২৩ সালের আগস্টে অভিষেকের পর ২ ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েছিলেন ব্রেভিস। প্রায় ২১ মাস পর আবারও জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। ত্রিদেশীয় এই সিরিজটি আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, রেজা হেনড্রিক্স, রুবিন হারমান, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD