দুর্নীতির অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আদালতে অবরুদ্ধের আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে প্রাথমিকভাবে জানা গেছে, বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। এ ছাড়া নামে-বেনামে সম্পত্তি ক্রয় ও অর্থ লেনদেনের বিষয়টিও অনুসন্ধানাধীন রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী বর্তমানে তাদের ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব অর্থ সরিয়ে নেওয়া হলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী অবিলম্বে হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
এর আগে গত ৯ ডিসেম্বর একই আদালত বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং শ্যালিকা শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।