আইপিএলে মুস্তাফিজকে নামালে মাঠ ভাঙচুরের হুমকি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
আইপিএলে মুস্তাফিজকে নামালে মাঠ ভাঙচুরের হুমকি

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯ কোটি ২০ লাখ রুপির চড়া মূল্যে তাকে দলে নিলেও, মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মাঠের বাইরের বিতর্ক।

সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক কিছু সহিংসতার জেরে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মুস্তাফিজের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’-এর বরাত দিয়ে জানা গেছে, উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ স্পষ্ট জানিয়েছেন, কোনো বাংলাদেশি ক্রিকেটারকে মাঠে নামানো হলে কেকেআর কর্তৃপক্ষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এমনকি প্রয়োজনে মাঠে ঢুকে ভাঙচুর চালানোর হুমকিও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কলকাতাকে বয়কটের ডাক উঠেছে।

ভারতের এই অসন্তোষের মূলে রয়েছে বাংলাদেশে সাম্প্রতিক দুটি হত্যাকাণ্ড। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে মারার নৃশংস ঘটনা ঘটে। এর কয়েক দিন পরই ২৪ ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মন্ডল নামে আরেক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে।

এই ঘটনাগুলোর প্রতিক্রিয়াতেই মূলত মুস্তাফিজের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের নির্দিষ্ট কিছু গোষ্ঠী।

এদিকে, পুরো মৌসুমে মুস্তাফিজের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, মুস্তাফিজের খেলার বিষয়টি মূলত ক্রিকেট অপারেশন্স বিভাগ দেখভাল করবে এবং আসন্ন সিরিজগুলোর সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ রয়েছে। তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের ওই সিরিজে অংশ নেওয়ার পরই মুস্তাফিজ আইপিএলে যোগ দেওয়ার অনাপত্তিপত্র (এনওসি) পেতে পারেন।

ফলে টুর্নামেন্টের শুরু থেকে নয়, বরং জাতীয় দলের ব্যস্ততা সেরেই কেকেআর শিবিরে দেখা যেতে পারে ‘ফিজ’কে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD