মোহাম্মদপুরে ছিনতাই : গাফিলতির অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ, সিয়াম এবং জহুরুল।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল, কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

ভুক্তভোগী আহমাদ ওয়াদুদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র তিন মিনিট হাঁটার দূরত্বে তার ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। চাপাতি দিয়ে আঘাত করে তারা তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই তিনি থানায় গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। কিন্তু পুলিশ কোনো দ্রুত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন ওয়াদুদ।

ওয়াদুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “থানার এত কাছে ঘটনা, অথচ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা গুরুত্ব দেননি। আমি নিজেই ছুটে থানায় গিয়েছি, তারপরও অবহেলার শিকার হয়েছি।” তার স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।

ডিসি ইবনে মিজান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে পুলিশের গাফিলতির প্রমাণ মেলায় চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “ডিএমপি গাফিলতির কোনো সুযোগ দেয় না। কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD