আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভিড়িয়েছিল। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় এক ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআর।
শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি এবং সাম্প্রতিক কিছু ঘটনাবলি পর্যালোচনা করে বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে কলকাতাকে নির্দেশনা পাঠানো হয়েছে যেন তারা তাদের স্কোয়াড থেকে এই টাইগার পেসারকে রিলিজ করে দেয়।
বিসিসিআইয়ের এই কঠোর অবস্থানের নেপথ্যে আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতি ও প্রভাব কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ঠিক কী কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিসিসিআই সচিব আশ্বস্ত করেছেন, কেকেআর চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে বিকল্প হিসেবে দলে নিতে পারবে।
রেকর্ড মূল্যে কেকেআরে যোগ দিয়েও শেষ পর্যন্ত আইপিএলে অংশ নিতে না পারাটা মুস্তাফিজ এবং তাঁর ভক্তদের জন্য বড় হতাশার। অন্যদিকে, আসর শুরুর আগে অন্যতম প্রধান অস্ত্রকে হারানোয় কলকাতার বোলিং আক্রমণ সাজাতে এখন নতুন করে ভাবতে হবে ম্যানেজমেন্টকে।