ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্য দিয়ে আতঙ্ক ছড়ান এক মা—উদ্দেশ্য ছিল নিজের ছেলেকে পরকীয়া প্রেমিকাসহ বিদেশ যেতে বাধা দেওয়া।
শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি একটি অচেনা নম্বর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। ফোন পাওয়ার পর বিমানটিকে নির্ধারিত সময়ের আগেই জরুরি অবস্থায় অবতরণ করানো হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত বিমানে কোনো বোমার অস্তিত্ব মেলেনি।
র্যাবের তদন্তে জানা যায়, ওই ফ্লাইটে এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানার পর তার মা ছেলের এক বন্ধুর কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করেন। উদ্দেশ্য ছিল, ভুয়া বোমা আতঙ্কের মাধ্যমে ফ্লাইটটি আটকে দেওয়া।
র্যাব ডিজি বলেন, “একজন মা নিজের ছেলেকে পরকীয়া সম্পর্কে জড়াতে না দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি যে পদ্ধতি বেছে নিয়েছেন, তা আইনগতভাবে ভয়ঙ্কর অপরাধ। এ ঘটনায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি, এবং আরও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, এমন মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক ছড়ানো বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তার জন্য চরম হুমকি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।