শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানীসহ সারাদেশ। শীতের তীব্রতায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই আরও এক দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশজুড়ে শীতের প্রকোপ বাড়বে আরও কয়েক গুণ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার তাপমাত্রা কমলেও কুয়াশার দাপট কিছুটা শিথিল হতে পারে। এর ফলে বিকালের দিকে ক্ষণিকের জন্য সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে সূর্য দেখার জন্য পরশু (বুধবার) পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকেই দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করবে, যা মঙ্গলবার দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে সড়ক ও নৌ-পথে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ‘কনকন’ নামক একটি শৈত্যপ্রবাহ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। এই শৈত্যপ্রবাহটি বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

এ ছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ফরিদপুরের মতো জেলাগুলোতে হাড়কাঁপানো শীত অনুভূত হবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, পাবনা ও যশোরসহ দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে উপকূলীয় অঞ্চল এবং ঢাকা মহানগরীতে শৈত্যপ্রবাহের সরাসরি প্রভাব তুলনামূলক কম থাকলেও কনকনে শীতের আমেজ বজায় থাকবে।

বিডব্লিউওটি-এর মতে, দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের দাপট আগেভাগেই শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD