সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সরকারি দল সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বিদ্যমান সাংবিধানিক চর্চার ধারাবাহিকতাই অনুসরণ করতে চায় সরকার। এ লক্ষ্যে তিনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা নির্ধারণ করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, সংসদে বিরোধী দলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম চাওয়া হয়েছে। বিরোধী দল এই নামগুলো দিলে মোট ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল দ্রুত নাম দিলে পরদিনই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে কাজ এগিয়ে নেওয়া যাবে।

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে। সেই অনুযায়ী ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে চিফ হুইপ তার সঙ্গে আলোচনা করেছেন। তবে ‘সংস্কার’ ও ‘সংশোধন’—এই দুটি বিষয়ে তাদের মধ্যে ধারণাগত পার্থক্য রয়েছে। তিনি জানান, দলীয়ভাবে আলোচনা করে পরে তারা মতামত জানাবেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের অবস্থানকে সম্মান জানিয়ে সরকার অপেক্ষা করতে প্রস্তুত। ‘জুলাই সনদ’-এর আলোকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতেও আপত্তি নেই।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD