উড়োজাহাজে বোমা থাকার খবর, যাত্রী সরিয়ে তল্লাশি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত যাত্রীদের নামিয়ে এনে উড়োজাহাজটিতে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয়করণ দল।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে জানানো হয়—বিমানের ভেতরে বোমা রয়েছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি অভিযান শুরু করে। এ সময় উড়োজাহাজটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, “অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার হুমকি পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সঙ্গে সঙ্গে উড়োজাহাজ থেকে সরিয়ে আনা হয়।”

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এমন হুমকি দিয়েছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়েছে। তল্লাশি শেষে নিরাপত্তা নিশ্চিত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD