সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী—এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, “আমরা সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা করছি। বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাসপাতালে রোগীর চাপ কমানো।”
প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন। বিশেষ করে তারা পরিবারের নারী সদস্যদের সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করবেন। খাদ্যাভ্যাসের উন্নতির মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব, যা হাসপাতালের ওপর চাপ কমাতে সহায়ক হবে। এর আগে, শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।