ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার প্রকাশিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে তিনি জানান, বিষয়টি গোপন রেখে নীরবে চিকিৎসা নিয়েছেন। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী এই নেতা প্রথমবারের মতো ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন।
৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করান। সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি প্রকাশ করেছিল।
সাম্প্রতিক ফলো-আপ পরীক্ষায় তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি (মেটাস্টাসিস হয়নি)।
যদিও সর্বশেষ পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়নি, একটি ইসরায়েলি সূত্র জানায়, কয়েক মাস আগে ক্যানসার শনাক্ত হওয়ার পর প্রায় আড়াই মাস ধরে তিনি রেডিয়েশন থেরাপি নেন এবং সম্প্রতি তা শেষ করেন।
নেতানিয়াহু জানান, লক্ষ্যভিত্তিক রেডিয়েশন থেরাপির মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর টিউমারটি পুরোপুরি নির্মূল হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি। প্রোস্টেটের একটি ছোট সমস্যা ছিল, যা সম্পূর্ণভাবে চিকিৎসা করা হয়েছে।” তিনি আরও বলেন, ইরানের সম্ভাব্য প্রচারণায় বিষয়টি ব্যবহার হতে পারে—এই আশঙ্কায় তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ দুই মাস বিলম্বিত করেছিলেন।