আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি মাসে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও টেস্ট দলে ফিরলেন মাহমুদুল হাসান জয়।
জাতীয় লিগে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন এই ওপেনার।
এই সিরিজ দিয়েই নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট অধ্যায়— একদিকে অধিনায়কত্ব বিতর্কের অবসান ঘটিয়ে আবারও নেতৃত্বের ভার নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, অন্যদিকে নির্বাচকরা খুঁজছেন ব্যাটিং অর্ডারে নতুন ধার।
সেই সমাধানের অংশ হিসেবেই দেখা হচ্ছে মাহমুদুল হাসান জয়কে। ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত টেস্টে গড় মাত্র ২২.৭৯, যা খুব সন্তোষজনক নয়।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে জায়গা হারানোর পর জাতীয় দলে ফেরার পথটা খুব একটা সহজ ছিল না। তবে জাতীয় লিগে সাম্প্রতিক শতরান নির্বাচকদের দৃষ্টি কেড়েছে, আর সেখান থেকেই টেস্ট স্কোয়াডে ফেরার টিকিট পেয়েছেন তিনি।
অন্যদিকে, বাদ পড়েছেন শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা নাঈম হাসান, মাহিদুল ইসলাম ও এনামুল হক। তবে প্রথমবার দলে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ধরে রেখেছে নির্বাচক প্যানেল।
জানা গেছে, চলতি মাসের ১১ নভেম্বর সিলেটের মাঠে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকায়।
সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে দুই দল।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও এবাদত হোসেন।
এমএ