আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জয় পেয়ে সমতা এনেছিল বাংলাদেশ। ফলে আজ (২ ডিসেম্বর) সিরিজ নির্ধারণীর (তৃতীয় ও শেষ) ম্যাচে ৮ উইকেটের এক অসাধারণ জয় তুলে নিল টাইগাররা। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল।
এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।
টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা।
পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে শেষ পর্য সফরকারীদের ১১৭ রানেই থামিয়ে দেয় লিটন দাসের দল।
ব্যাট হাতে আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।
লক্ষ্যটা খুব বেশি বড় না, তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট হাতে রান তাড়া করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে যদিও দুই উইকেট হারায় স্বাগতিকররা। ওপেনার সাইফ হাসান ১৯ এবং ব্যক্তিগত মাত্র ৭ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস।
তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ব্যাট হেসেছে। ফলে চাপমুক্ত থেকেই ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে বাংলাদেশ।
দারুণ জয়ের এই দিনে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার এক বিরল রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম।
এমএ