বিপিএলের উদ্বোধনী ম্যাচে বড় জয়ে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে মাটিতে নামিয়ে আনল ঢাকা ক্যাপিটালস। নিয়ন্ত্রিত বোলিং আর শেষদিকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল রাজধানীর দলটি।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এদিন শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী; ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হন।
আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত আজ থামেন ৩৭ রানে। শেষদিকে মুশফিকুর রহিমের ২৪ ও মোহাম্মদ নেওয়াজের ২৬ রানের পরও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি তুলতে পারেনি রাজশাহী।
ঢাকার পক্ষে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইমাদ ওয়াসিম। মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন এই পাকিস্তানি স্পিনার। এ ছাড়া নাসির হোসেন নেন দুটি উইকেট।
১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা মসৃণ ছিল না ঢাকারও। সাইফ হাসান (১) দ্রুত বিদায় নেওয়ার পর উসমান খান ও মোহাম্মদ মিঠুনও থিতু হতে পারেননি। তবে ওয়ান ডাউনে নামা আব্দুল্লাহ আল মামুন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ৪৫ রানের কার্যকর ইনিংস খেলে তিনি যখন ফেরেন, ম্যাচ তখনো দোদুল্যমান।
শেষদিকে জয়ের সমীকরণ মেলান সাব্বির রহমান ও শামীম হোসেন। শামীম ১৩ বলে ১৭ রান করে সঙ্গ দেন সাব্বিরকে, যিনি মাত্র ১০ বলে ২১ রানের অপরাজিত ক্যামিও খেলে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন।
এদিন রাজশাহীর হয়ে মোহাম্মদ নেওয়াজ ৩ উইকেট নিলেও তা পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ম্যাচসেরার পুরস্কার জেতেন ঢাকার ইমাদ ওয়াসিম।
এমএ