১৮ বছরের অপেক্ষার অবসান ১৮ নম্বর জার্সিধারীর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
কোহলির জন্য শিরোপা, মাঠে আবেগের বিস্ফোরণ

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দীর্ঘ প্রতীক্ষার পর অষ্টাদশ আসরে এসে তাদের মুকুটহীন যাত্রার সমাপ্তি ঘটল। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির নামের পাশেও যোগ হলো কাঙ্ক্ষিত আইপিএল শিরোপা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বেঙ্গালুরু। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে তারা। জবাবে পাঞ্জাব থামে ১৮৪ রানে।

এর ফলে আরসিবির দীর্ঘদিনের শিরোপার খরা কাটলেও প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের হতাশা আরও দীর্ঘায়িত হলো। ১৮ আসরে এখনো অধরা রইল শিরোপা তাদের।

কোহলির প্রথম শিরোপা

ফাইনালের আগেই অধিনায়ক রজত পাতিদার জানিয়েছিলেন, এই শিরোপা জিততে চান কোহলির জন্য। মাঠে সেটারই প্রতিফলন দেখা গেছে। গোটা দল যেন একসুরে খেলেছে ভারতের প্রাক্তন অধিনায়কের শেষদিকে এসে ট্রফি হাতে তোলার স্বপ্ন বাস্তব করতে।

আহমেদাবাদের মাঠ যেন পরিণত হয়েছিল এক টুকরো বেঙ্গালুরুতে। “কোহলি কোহলি” গর্জনে মুখর ছিল গ্যালারি। ম্যাচশেষে আবেগ ধরে রাখতে পারেননি কোহলি, চোখের কোণে জমেছিল সাফল্যের অশ্রু।

বেঙ্গালুরুর ইনিংসটা শুরুতে কিছুটা ধীরগতিরই ছিল। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে ফিল সল্টকে হারায় তারা। এরপর কোহলি ও মায়াঙ্ক আগারওয়ালের ৩৮ রানের জুটিতে কিছুটা গতি আসে ইনিংসে। ৩৫ বলে ৪৩ রান করে কোহলি আউট হলেও মাঝের সময়টায় ব্যাটিং ছিল ধীর গতির।

শেষদিকে জিতেশ শর্মা (১০ বলে ২৪) ও শেফার্ড (৯ বলে ১৭*) ঝড়ো ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ পৌঁছে ১৯০ রানে। পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং ও কাইল জেমিসন নেন তিনটি করে উইকেট।

১৯১ রানের লক্ষ্যে ভালো সূচনা করেছিল পাঞ্জাব। ওপেনিংয়ে প্রবসিমরান ও প্রিয়ন্স আর্যের ব্যাটে আসে ৪৩ রান। তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বিশেষ করে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১ রানে বিদায় বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

জশ ইংলিস কিছুটা প্রতিরোধ গড়লেও ২৩ বলে ৩৯ রান করে ফিরলে আবার ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। শেষদিকে শশাঙ্ক সিং একাই লড়েছেন। মাত্র ৩০ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে জয়ের স্বপ্ন দেখালেও সেটা হয়ে ওঠেনি বাস্তব।

বেঙ্গালুরুর পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ক্রুনাল পান্ডিয়া – ৪ ওভারে মাত্র ১৭ রানে নিয়েছেন ম্যাচজয়ী স্পেল। দুটি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমারও।

১৮ বছরের প্রতীক্ষার অবসান

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে এতদিন বারবার তারকাবহুল দল গড়েও শিরোপা অধরা ছিল বেঙ্গালুরুর। এর আগে তিনবার ফাইনালে উঠেও ফিরতে হয়েছে খালি হাতে। এবার অবশেষে ১৮ বছরের অপেক্ষার অবসান, ১৮ নম্বর জার্সিধারীর। কোহলির জন্য এই ট্রফি যেন তার লম্বা ক্যারিয়ারের সেরা পুরস্কার। আর আইপিএল পেল এক নতুন চ্যাম্পিয়ন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD