জমকালো আয়োজনে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

টেলিভিশন তারকাদের নিয়ে আজ থেকে শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে।

সাত দিনব্যাপী এই টুর্নামেন্ট অংশ নেওয়া ৪টি দল হচ্ছে—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস।

এরইমধ্যে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচিত হয়েছে। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হচ্ছে ওয়ালটন ক্যাবল।

টি-২০ ফরম্যাটে সাজানো এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫ মে, ৬ মে, ৮ মে ও ১০ মে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। তার ২ ঘণ্টা আগে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। এরইমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই-এ শুরু হয়েছে টিকিট বিক্রি। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD