সরকার পরিবর্তনের পর গত ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা দায়ের হয়েছে, যাতে আসামি করা হয়েছে ১,১৬৮ পুলিশ সদস্যকে। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, সরকার পতনের সময় ও পরবর্তী গণ-আন্দোলনে হত্যাকাণ্ড, নিপীড়ন ও নির্যাতনের অভিযোগে পুলিশ, বিভিন্ন বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সারা দেশে মোট ১,৬০২টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৩৮টি সরাসরি হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলা।
এছাড়া, আনুমানিক ৮৭ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ দেখা গেছে বলে জানান তিনি।
এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে ৪২৯টি অভিযোগ ও ২৭টি মামলা হয়েছে। অভিযুক্ত ২০৬ জনের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং বিচার শুরু হয়েছে।
টিআইবি আরও জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দায়ের হওয়া প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান।