নারায়ণগঞ্জের মেঘনা নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। দুদিন ধরে নিখোঁজ থাকা লেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ নৌপুলিশের এসপি বলেন, “আমরা সন্দেহ করছি মরদেহটি বিভুরঞ্জনের। তার স্বজনরা এলে নিশ্চিত হওয়া যাবে। ছবি দেখে কাছাকাছি মনে হয়েছে।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। তিনি বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি।
তার ছেলে ঋত সরকার জানান, “আমার বাবা প্রতিদিনের মতো বের হয়েছিলেন। আমরা সর্বত্র খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি।”
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি জিডি করা হয়। ডিউটি অফিসার এসআই আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত কলামিস্ট হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।