অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়: জামায়াত আমির

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার, তবে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ও যুক্তিনির্ভর ভাষায়। কারও বিরুদ্ধে অপমানজনক মন্তব্য কিংবা চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, “সাম্প্রতিক সময়ে সমাজে একের পর এক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এ অবস্থায় শুধু সরকার নয়, রাজনৈতিক দল ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই জাতীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ সময়টি জাতীয় ঐক্যের ন্যূনতম ভিত্তি তৈরি করার উপযুক্ত সময়।”

তিনি আরও বলেন, “আচরণে অসংযম ও উগ্রতা সমাজে বিশৃঙ্খলা, ঘৃণা ও অনৈক্য ছড়িয়ে দেয়। তাই সংযত, সতর্ক ও দায়িত্বশীল আচরণই জরুরি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতা উপলব্ধি করার তাওফিক দেন।”

এর আগের দিন (১২ জুলাই) দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরেকটি ফেসবুক পোস্টে তিনি চাঁদপুরের মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, “চরমপন্থী মানসিকতা থেকে পরিচালিত এ হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।”

এ ছাড়া খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

“স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে, অন্যথায় দায়িত্ব এড়ানো যাবে না,” বলেন জামায়াত আমির।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD