নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
এনসিপির সমাবেশ চলছে

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে দলটির নেতা-কর্মীরা। উক্ত সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সমাবেশে দলটির কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, নতুন ভাবে, নতুন করে নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ করা হোক। ৫ আগস্ট সরকার পতনের পর তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে করে কাকে কোথায় দায়িত্ব দিতে হবে সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। যে কারণে কিছু নেতারা বর্তমানে উল্টাপাল্টা কথা বলে আসছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটি রাজনৈতিক দল একটা বালুর ট্রাকও সরাতে পারেনি, তারা আজকে বড় বড় কথা বলছে। গত ১৫-১৬ বছরের স্বৈরাচার সরকারকে আন্দোলন করে যারা ক্ষমতাচ্যুত করেছে, তারা কি কাউকে ভয় করতে পারে? তারা কারো কথায় দুর্বল হয়ে যাবে না। প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব তারপরও অন্যায়ের কাছে মাথা নত করব না।

মাসুম বিল্লাহ বলেন, শুধুমাত্র এই নির্বাচন কমিশন নয় অন্য কোনো নির্বাচন কমিশনেও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা সেজন্য ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। পরীক্ষামূলকভাবে আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি জানাচ্ছি। সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারে, তাহলে বুঝবো ইসি সক্ষম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি প্রতিনিধি পল্লবী থানা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, রমনা থানা প্রতিনিধি ইসরাত জাহান, মিরপুর মডেল থানা প্রতিনিধি সাইফুল ইসলাম, উত্তরা উত্তর-পূর্ব থানা প্রতিনিধি ফাহিম সরকার, হাতিরঝিল থানা প্রতিনিধি জিয়াউল হুদাসহ আরো অনেকে।

এর আগে, বুধবার সকাল থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনাসদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD