বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার মন্তব্য করে বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন ঘিরে যে শঙ্কা ছিল, তা রয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। ওই সংকট নিরসনেই আটটি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।
এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।
এর আগে, এদিন দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সব বিষয় বিবেচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।
উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন গণভোট এই সিদ্ধান্তের কারণে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।
তিনি আরও বলেন, এ সময় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
এমএ