বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শ্রমিকদের জন্য জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং বন্ধ জুটমিল পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
শুক্রবার (১ মে) মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সুনামগঞ্জ অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা একটি ইতিবাচক উদ্যোগ। “এটাই দক্ষতা ও সুশাসনের নিদর্শন। মানুষ এখন দেখছে—শুরুটা ভালো হয়েছে, এটি ধারাবাহিকভাবে চলবে কি না,”—বলেন তিনি।
তিনি তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া-এর আদর্শের উত্তরাধিকার বহন করছেন।
শ্রমিকদের প্রসঙ্গে রিজভী বলেন, দেশে এখনো একটি জাতীয় মানের ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়িত হয়নি। এছাড়া শ্রম আদালত ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে আছে, যার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। বন্ধ জুটমিলগুলো পুনরায় চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমন্বিত জাতীয় নীতির মাধ্যমে এগুলো সচল করা গেলে লাখো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিদ্যুৎ খাত নিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্রগুলো পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছিল, যা শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সমাবেশটি শুক্রবার বেলা আড়াইটায় শুরু হয়। রাতভর বৃষ্টির পরও সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। লাল টুপি ও টি-শার্ট পরে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।