আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তিনটি নির্দেশনা দিয়েছে বিএনপি। কেউ মনোনয়ন না পেলে যাতে সতন্ত্র না দাঁড়ায় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দলটির হাইকমান্ড।
নির্বাচনে প্রার্থী বাছাই ও দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষা করা বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। কারণ এক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এছাড়া সংসদ নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর কথা জোর দিয়ে বলা হয়েছে। অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
৩ নির্দেশনার মধ্যে রয়েছে- যে কোনো মূল্যে নিজেদের ঐক্য ধরে রাখা, বিশৃঙ্খলা না করা এবং যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে এক হয়ে কাজ করা।
দলটি বলছে এই তিন নির্দেশনার বাইরে কেউ গেলে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে আরও কঠোর হবে বিএনপি। এরই মধ্যে বিএনপির দায়িত্বশীল নেতারা নিজেদের মধ্যে থাকা পুরোনো দ্বন্দ্ব মেটাতে সবার মাঝে ঐক্য ধরে রাখার বার্তা দিয়ে যাচ্ছেন।
এর আগে, গত সপ্তাহের রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, সেই বৈঠকে বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু গুরুত্বপূর্ণ বার্তা মনোনয়নপ্রত্যাশীদের জানিয়ে দেয়া হয়।
এমএ