আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (১০ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বিশ্লেষণ করলে বোঝা যায়, সেখানে জাতীয় ঐক্যের আহ্বানই মুখ্য। তাঁর কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না।
তিনি আরও বলেন, তারেক রহমান কোনো রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। দেশের সুশীল সমাজ, পেশাজীবী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তাঁর এই বক্তব্য ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
এসময় নবগঠিত অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।