নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে : রাশেদ খান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও সম্পূর্ণ সুস্থ নন, বরং তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে—এমন অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, নুর এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার নাক থেকে রক্ত পড়ছে, মাথায় আঘাতের কারণে হাঁটতে পারছেন না এবং মুখ খুলতেও কষ্ট হচ্ছে।

রাশেদ খান বলেন, “নুরুল হক নুরের অবস্থা আগের মতোই। ডাক্তাররা বলেছেন, তার জরুরি চিকিৎসা দরকার। অথচ বাইরে বলা হচ্ছে তিনি সুস্থ হয়ে গেছেন, যা সত্য নয়।”

তিনি আরও জানান, নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে তিনি এখনই বিমানে ওঠার মতো অবস্থায় নেই। এক সপ্তাহ পর সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, “জাতীয় পার্টি ও সহযোগীদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। হামলার ঘটনায় জড়িতদের ফুটেজ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া সরকারের জন্য লজ্জার।”

তিনি আরও দাবি করেন, “নুরকে সুস্থ দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। হামলার বিচার হতে হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি আনতে হবে।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD