জাতীয় নাগরিক পার্টিকে ‘কিংস পার্টি’ আখ্যা টিআইবির

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে ‘কিংস পার্টি’ হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (৪ আগস্ট) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির বার্ষিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদন তুলে ধরেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম ও মো. জুলকারনাইন। এ সময় এক সাংবাদিকের প্রশ্নে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা স্পষ্ট। সহযাত্রীদের মধ্যে দুজন সরকারে আছেন। এ কারণেই একে ‘কিংস পার্টি’ বলা হয়েছে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশের রাজনৈতিক যাত্রাপথ অশুভ রূপ নেয়। পুরনো দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই দখলবাজি, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েন। এ সংস্কৃতিই অনুসরণ করেছে নবগঠিত দলগুলো।”
প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা রাজধানীর ৫৩টি বাস টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ২১ লাখ টাকা চাঁদা আদায় হচ্ছে। সিলেটের কোয়ারি ও নদী এলাকায় পাথর লুট, সেতু, বাজার, ঘাট, বালুমহাল ও জলমহাল ইজারা নিয়ন্ত্রণে নেয়ার ঘটনাও উঠে আসে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে। মতপ্রকাশের স্বাধীনতা এখনো বাধার মুখে, বিশেষ করে নারী অধিকার ও ধর্মীয়-সাংস্কৃতিক বৈচিত্র্য সহিংসতায় হুমকির মুখে পড়েছে।
টিআইবি বলছে, ভারতের ‘অবন্ধুসুলভ আচরণ’ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। সীমান্তে হত্যা, পুশ-ইন, বাণিজ্যে বাধা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতীয় অবস্থানে সরকারের প্রতিক্রিয়ার অভাবও সমালোচিত হয়।
প্রতিবেদনে এক বছরের পর্যবেক্ষণে দেখা যায়, খুন, ধর্ষণ, ছিনতাই, গণপিটুনি ও মব জাস্টিস বেড়েছে। রাজনৈতিকভাবে প্রভাবিত গ্রেপ্তার, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু অব্যাহত রয়েছে। আন্দোলন দমনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও উল্লেখ করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব ঐকমত্য হয়েছে, তার সাংবিধানিক বাস্তবায়ন অনিশ্চিত। ফলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে।

 

 

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD