তারা এখন দিশেহারা : মাসুদ সাঈদী

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, গত ১৫ বছর ধরে ‘রাজাকার-রাজাকার’ খেলা করে একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। রাজনৈতিক ব্যবসা করে তারা এখন দিশাহারা হয়ে পড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) কদমতলা ইউনিয়নে জেলা জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। যারা ধর্মের নামে দাঙ্গা ছড়ায়, তারাই প্রকৃত সংখ্যালঘু। তার দাবি, “আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, শতবর্ষী পৌরসভার রাস্তাঘাট জরাজীর্ণ, স্কুল-কলেজের ছাদ ধসে শিক্ষার্থী মারা যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের এই দুরবস্থা বিশ্বের আর কোথাও দেখা যায় না।

জামায়াত প্রার্থী দাবি করেন, জনগণ বিভিন্ন দল ও নেতৃত্ব দেখেছে, এখন তারা জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর সদর উপজেলা সভাপতি আহসানুল হক। সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD