দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এক বছর আগে এই দিনে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। যূথবদ্ধ জনতার আন্দোলনের ফসল এই ঐতিহাসিক অর্জন।”

সোমবার (৪ আগস্ট) ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে ড. ইউনূস বলেন, “আজ আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সে সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। স্মরণ করছি আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদেরও, যাঁরা তাঁদের দৃষ্টিশক্তি কিংবা অঙ্গ হারিয়েছেন।” তিনি বলেন, জাতি তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে।

তিনি আরও বলেন, “টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে এক সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। এর লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধার।”

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এই লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি খাতে ব্যাপক সংস্কার চালানো হচ্ছে। দ্রুতগতিতে এগিয়ে চলেছে ‘জুলাই গণহত্যা’ মামলার বিচারকাজ। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহত যোদ্ধাদের পুনর্বাসনে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক অভিযাত্রাকে বেগবান করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থার সংস্কারে সব অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।”

 

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD