বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৩০ জুলাই সনদ হাতে পাওয়ার পরই বিএনপি কিছু সংশোধনীসহ লিখিত জবাব দিয়েছে। ঘোষণাপত্রের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে।”
তিনি জানান, বিএনপি ফেব্রুয়ারিতেই সনদে উল্লিখিত প্রস্তাবের লিখিত জবাব দিয়েছিল। তবে ২৬ মার্চকে কেন্দ্র করে কিছু বিষয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্নে তারা ভিন্নমত পোষণ করেছে। এসব বিষয়ে ‘চতুর্থ তপশিল’-এর মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব করা হয়েছে।
জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “অনেকে প্রশ্ন তুলছেন বিএনপি সনদে সই করবে কি না। আমি বলছি, আমরা সই করতে প্রস্তুত। তবে যেসব সংশোধনী দিয়েছি, সেগুলো গৃহীত না হলে তখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”
সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে এবং সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে একমত এবং ৭টিতে ভিন্নমত জানিয়েছে।
তবে ‘মানিক মিয়া অ্যাভিনিউয়ে’ আয়োজিত ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক দাওয়াত পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সবার প্রতি ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানান।