শাহবাগে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। একইসাথে হাদির স্মৃতি রক্ষার্থে শাহবাগ চত্বর ও তার সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকারি তদারকিতে আনার জোরালো দাবি তোলা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়।
শাহবাগের জুলাই চত্ত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগ দিয়েছে। এমন কী অনেকই পরিবার নিয়ে এসেছেন। কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।
তিনি আরও বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না।
এসময় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হয়েছে। তাদের হাতে পতাকা দেখা গেছে। মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
হাদির অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। যাত্রাবাড়ী থেকে আসা শিক্ষার্থী সোহেল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “হাদির মতো একজন অকুতোভয় ও দেশপ্রেমিক মানুষকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
এমএ