দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, সরকারি দলের সদস্যদের সঙ্গে সমন্বয় করে এ কমিটিতে কাজ করবে বিরোধী দল। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘কমিটি গঠন হলে উভয় পক্ষই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সংসদ নেতাকে ধন্যবাদ জানাই—তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে একটি কার্যকর প্রস্তাব দিয়েছেন এবং সরকারি দলের পাঁচ সদস্যের নামও ঘোষণা করেছেন।’
এরপর বিরোধী দলের পক্ষ থেকে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন—সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। এটি বৈশ্বিক সমস্যা হওয়ায় আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলও যদি পাঁচ সদস্যের নাম দেয়, তাহলে যৌথভাবে আলোচনা করে কার্যকর সুপারিশ দেওয়া সম্ভব হবে।’
সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত কমিটির প্রধান করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। অন্য সদস্যরা হলেন—প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মাইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।