বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল ইউরোপের এই দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রোমানিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখা দিয়েছে। দেশটিতে বসবাসরত এসব কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে রোমানিয়া সরকার। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এ তথ্য জানায়।

ঘোষণায় বলা হয়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২, যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫-এ প্রকাশিত হয়েছে, তার অধীনে নন-ইইউ দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এর ফলে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর অনাকাঙ্ক্ষিত কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এ সুবিধা নিতে পারবেন। যেমন—ওয়ার্ক ভিসায় এসে যদি কোনো কর্মী নির্ধারিত প্রতিষ্ঠানে চাকরি না পান এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে না পান, তাহলে তিনি অবৈধ হয়ে যান। এ ছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কেটে নিলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না বা সময়মতো টিআরসি আবেদন সম্পন্ন করে না। ফলে অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

এ অবস্থায় বৈধভাবে প্রবেশ করে পরে অবৈধ হওয়া কর্মীদের রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে। তবে এ সুবিধা পেতে হলে কর্মীদের অবশ্যই নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পরবর্তীতে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

যেহেতু এটি একটি নতুন ব্যবস্থা, তাই শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন অথবা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দূতাবাস জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD